আমাদের বর্তমান জীবনটা অদ্ভুতভাবে খুব ভরা, কিন্তু মনটা প্রায়ই ফাঁকা লাগে। চারপাশে কাজ, স্ক্রিন, শব্দ, মতামত—সব মিলিয়ে দিন শেষ হয়, কিন্তু নিজেকে ছুঁয়ে দেখার সময় পাওয়া যায় না। একসময় বুঝতে শুরু করলাম, আমি আসলে ক্লান্ত বাস্তবতায় না, ক্লান্ত অতিরিক্ততায়।
এই জায়গা থেকেই মিনিমালিজম আমার কাছে একটা আইডিয়া হয়ে উঠল। কোনো ট্রেন্ড হিসেবে না, বরং একটা প্রশ্ন হিসেবে। এত কিছুর দরকার সত্যিই আছে? নাকি আমি শুধু অভ্যাসবশত বয়ে চলেছি?
মিনিমালিজম আমার কাছে কম থাকা না, বরং সচেতন থাকা। কী ঢুকছে আমার জীবনে, আর কেন ঢুকছে—এই বাছাইটাই মূল। সব নোটিফিকেশনে সাড়া দেওয়া জরুরি না। সব কথোপকথনে অংশ নেওয়া বাধ্যতামূলক না। সব জায়গায় উপস্থিত থাকলেই জীবন meaningful হয় না।
কিভাবে শুরু করেছি? খুব সাধারণভাবে। অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা দিয়ে। এমন কাজ কমিয়ে, যেগুলো শুধু ব্যস্ত দেখানোর জন্য। এমন মানুষদের সাথে দূরত্ব রেখে, যাদের কাছে নিজেকে প্রমাণ করতে হয়। ধীরে ধীরে বুঝলাম, সময় বাঁচানো আসলে জীবন বাঁচানো।
অনেকে মিনিমালিজমকে সলিটারী লাইফের সাথে গুলিয়ে ফেলে। যেন কম মানেই একা। কিন্তু এই দুইটা এক জিনিস না। সলিটারী লাইফ হলো একাকীত্বকে বেছে নেওয়া। মিনিমালিজম হলো অপ্রয়োজনীয় ভিড় থেকে সরে দাঁড়ানো। আমি মানুষ কমাইনি, আমি অপ্রাসঙ্গিকতা কমিয়েছি। ফলে সম্পর্ক সংখ্যাে কমেছে, কিন্তু গভীরতায় বেড়েছে।
এখনো আমি সমাজের ভেতরেই আছি। কাজ করি, কথা বলি, হাসি। শুধু পার্থক্য হলো—সবকিছুর জন্য দরজা খোলা নেই। একটা সীমা টেনেছি। আর সেই সীমার ভেতরেই এক ধরনের শান্তি তৈরি হয়েছে।
মিনিমালিজম আমাকে ধীর হতে শিখিয়েছে। ধীর মানে পিছিয়ে পড়া না। ধীর মানে সচেতন। যখন সবাই দৌড়ায়, তখন থেমে থাকা অনেক সময় সাহসের কাজ। আর এই থেমে থাকাটাই আমাকে নিজের সাথে পরিচিত করিয়েছে।
আমি নিজেকে পূর্ণ মিনিমালিস্ট বলি না। হয়তো কখনো হবও না। কিন্তু আমি চেষ্টা করি অপ্রয়োজনীয় ভার কমাতে। কারণ আমি শিখেছি, সুখ যোগ করার বিষয় না। সুখ আসে বাদ দেওয়ার সাহস থেকে।
#মানসিক শান্তি#minimalism#বাংলা ব্লগ#জীবন দর্শন#আত্মকথনমূলক লেখা#স্লো লাইফ#simple living#solitude vs minimalism



